বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদে ৪০০ টন কয়লা নিয়ে একটি কার্গো ডুবে গেছে। ডুবে যাওয়া কার্গোটির নাম ‘এমভি ইফসিয়া মাহিন’
বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গতকাল বেলা একটার দিকে বন্দর জেটির পাশে পশুর নদীর কাটাখালী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছেন কার্গো মাস্টার মো. শাহ আলম।
কার্গো সংশ্লিষ্টরা জানান, অতিরিক্ত স্রোতের কারণে বয়ার সঙ্গে সংযোগ রশি ছিড়ে কার্গোটি ডুবে যায়। এ সময় ওই কার্গোতে থাকা নয়জন কর্মচারী ও একজন নিরাপত্তাকর্মী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি রাতে মোংলা বন্দরের পশুর চ্যানেলে ৮৪৮ টন কয়লা নিয়ে ডুবে যায় এমভি বিবি-১১৪৮ নামক একটি কার্গো।
ডুবে যাওয়া কার্গো এমভি ইফসিয়া মাহিনের মাস্টার মো. শাহ আলম জানান, যশোরের নওয়াপাড়া যাওয়ার উদ্দেশে মোংলা বন্দরের হাড়িবাড়িয়ায় একটি বিদেশী জাহাজ থেকে রোববার সকালে কার্গোটিতে কয়লা বোঝাই করেন তারা। প্রায় ৪০০ টন কয়লা বোঝাই করা শেষে গতকাল সকাল ৯টার দিকে পশুর নদে বানীশান্তা বাজার বয়ায় অবস্থান নেয় কার্গোটি।
এদিন দুপুরের দিকে প্রচণ্ড পানির স্রোতে বয়া থেকে বেশ কয়েকটি কার্গোর রশি ছিড়ে যায়। এ সময় সময় এমভি ইফসিয়া মাহিনসহ ১০-১২টি কার্গো স্রোতের কবলে পড়ে। কার্গোগুলো দুর্ঘটনা এড়াতে নিরাপদ স্থানে সরতে থাকে। এ সময় অন্য একটি কার্গোর সঙ্গে ধাক্কা লাগে এমভি ইফসিয়া মাহিনের। এতে কার্গোটির বাম পাশের হ্যাচ ফেটে যায়। স্রোতের টানে ভাসতে ভাসতে বানীশান্তা থেকে কাটাখালী গিয়ে কার্গোটি ডুবে যায়।
তিনি আরো জানান, কার্গোর নয়জন কর্মচারী ও একজন নিরাপত্তা কর্মী সাঁতরে নদীর তীরে উঠে যান। তারা নিরাপদ ও সুস্থ আছেন।
ডুবন্ত কার্গোটি পশুর চ্যানেলের বাইরে চরের দিকে ডুবে যাওয়ায় মূল চ্যানেল নিরাপদ রয়েছে বলে জানিয়েছে বন্দরের হার্বার বিভাগ।










