পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ
ফারুক শামীম এমপি বলেছেন, বাংলাদেশকে একসময় বলা হতো তলাবিহীন ঝুড়ি আর আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে এসে পৌঁছেছে। যারা বাংলাদেশকে শ্রীলংকার সঙ্গে তুলনা করছেন, তারা মনগড়া কথা বলছেন। বাংলাদেশ কখনো শ্রীলংকা হতে পারে না। বাংলাদেশ আর শ্রীলংকা এক নয়। শ্রীলংকার বর্তমান ফরেন রিজার্ভ হলো দুই বিলিয়ন ডলার, আর বাংলাদেশের ৪২ বিলিয়ন ডলার। কোথায় দুই আর কোথায় ৪২। শ্রীলংকা সমুদ্রতীরের একটি দেশ, পর্যটন খাত থেকে তাদের সর্বোচ্চ আয়। করোনাকালে সবকিছু মুখ থুবড়ে পড়ার পর তারা পর্যটনকে আকর্ষণীয় করে তুলতে যে ঋণ নিয়েছে তা পরিশোধ করতে পারেনি। আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে শ্রীলংকাকেও ঋণ দিয়েছি। আমরা কখনো ভেবেছি অন্য দেশকে ঋণ দিতে পারব। কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই স্টেজে আমরা চলে গেছি।
গতকাল সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তৃতায় পানিসম্পদ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফাইন্যান্স) প্রলয় চিসিম,
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খন্দকার আনোয়ার হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক
মো. শহীদুল ইসলাম, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর। বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অধ্যাপক ইমামুল হাকিম, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, কমিউনিটি পুলিশিং ফোরামের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী এমদাদুল হক প্রমুখ।









