দেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৬১ জনের মৃত্যু হলো। আর হাসপাতালে ভর্তি রোগী সংখ্যা দাঁড়াল ৩৯ হাজার ১৯২ জনে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এ সংক্রান্ত নিয়মিত বুলেটিনে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সবশেষ তথ্য তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানোদের মধ্যে চারজন নারী, একজন পুরুষ। অন্যদিকে তাদের তিনজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ১৯৯ জন, এর বাইরে ঢাকা বিভাগে আরো ১০৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, খুলনা বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন, রংপুর বিভাগে আট জন, বরিশাল বিভাগে ১৩১ জন রয়েছেন।