ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের আওধা গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে কল্লোল হোসেন (৩২) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। নিহত কল্লোল ওই ইউনিয়নের বারইহুদা গ্রামের আকবর খন্দকারের ছেলে।

নিহতের প্রতিবেশী রফিক হোসেন জানান, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বগুড়া গ্রামের আনু বিশ্বাস ও মোকা বিশ্বাসের সমর্থকদের মাঝে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল।  এরই জের ধরে গতকাল দুপুরে মাঠে পেঁয়াজ লাগানো অবস্থায় আনু বিশ্বাসের সমর্থক কল্লোল হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কল্লোলকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।