ঈদের ছুটি শুরু হওয়ার আগেই যানজট এড়াতে রাজধানী ছেড়ে গ্রামে ফিরতে শুরু করেছে মানুষ। গতকাল সাপ্তাহিক ছুটির দিন সকাল থেকেই ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের চাপ বেড়েছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ পদ্মা সেতুর টোল প্লাজায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে তৈরি হয় দীর্ঘ যানবাহনের সারি। থেমে থেমে অব্যাহত থাকে দুপুর পর্যন্ত।

তবে পদ্মা সেতু কর্তৃপক্ষ জানায়, এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় সাতটি বুথে প্রতি ৫ সেকেন্ডে একটি করে যানবাহনে টোল আদায় করা হচ্ছে। ফলে দ্রুত সময়ের মধ্যেই ভোগান্তিহীনভাবে পদ্মা সেতু পাড়ি দিয়ে গন্তব্যে যাচ্ছেন যানবাহন চালক ও যাত্রীরা। মোটরসাইকেলের জন্য আলাদা দুটি লেন তৈরি করে টোল আদায় করা হচ্ছে।

পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল ম্যানেজার আহমেদ হক জানান, ভোর থেকেই যানবাহনের চাপ বাড়তে শুরু করে। দূরপাল্লার পরিবহনের চেয়ে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি। 

এছাড়া ভোর থেকে মোটরসাইকেলেরও বাড়তি চাপ তৈরি হয়েছে। ঈদ সামনে রেখে যানবাহনের চাপ বাড়লেও কোথাও কোনো বিড়ম্বনা নেই। যেহেতু সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানসহ এখনো গার্মেন্ট ছুটি হয়নি, ফলে সেভাবে যানবাহনের চাপ তৈরি হচ্ছে না। দুর্ঘটনায় এড়াতে সেতুর বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে।