রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এক বাসের ধাক্কায় আরেকটি বাস রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ৩৫ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে কালুখালী উপজেলার বাংলাদেশ হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, কুষ্টিয়া বাস মালিক সমিতির লোকাল বাস ‘রাজন পরিবহন’ ধীরগতিতে যাত্রী উঠাচ্ছিল। সে সময় দ্রুতগামী এসবি সুপার ডিলাক্স নামের একটি বাস পেছন থেকে এসে ওই লোকাল বাসটিকে ধাক্কা দেয়। ধাক্কার পর মুহূর্তেই বাসটি রাস্তার পাশে জলাশয়ে পড়ে যায়।

IMG-20251113-WA0030

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল ও কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। স্থানীয়দের মতে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তবে এ ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেউ নিহত হয়নি। তবে কিছু যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।