ঝালকাঠির কাঁঠালিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের সংঘর্ষের সময় উত্তেজিত হয়ে তিনমাস বয়সী ভাতিজিকে পিটিয়ে-আছাড় মেরে হত্যার হত্যার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির পিতা-মাতাসহ আরও ৩ জন আহত হয়েছেন।
আজ রোববার সকালে উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত শিশু জান্নাতীর বাবা আবুল কালাম সিকদার ও মা তানিয়া বেগম ও মামা নবী হোসেন আহত হয়ে আমুয়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।
আবুল কালাম সিকদারের অভিযোগ, পৈত্রিক জমিজমা নিয়ে সকালে ছোটভাই আফজাল হোসেনের সঙ্গে সকালে তার (কালাম সিকদার) সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে তার স্ত্রী তানিয়া তাকে রক্ষার জন্য এগিয়ে এলে লাঠির আঘাতে কোলে থাকা শিশু জান্নাতি ছিটকে পড়ে যায়। এ সময় আফজাল তাকে তুলে মাটিতে আছাড় মারেন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাঠালিয়ার থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।









