বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা গ্রামে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে ডুবে গতকাল দুই শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া জিমি খাতুন (১২) ও মিম আক্তার (১৩) সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
শেরপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে জিমি ও সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বেলতলা গ্রামের সুমন মিয়ার মেয়ে মিম দুজনই স্থানীয় ভীমজানি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। মিমের বাবা-মা ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। তাই ভাটরা গ্রামে নানা সুমার প্রামাণিকের বাড়িতে থেকে পড়াশোনা করে মিম। গতকাল বেলা ১১টার দিকে জিমি ও মিম অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে সাঁতার না জানা জিমি পানিতে ডুবে যায়। তাকে উদ্ধারে এগিয়ে যায় ফুফাতো বোন মিম। কিন্তু সেও পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। এ সময় অন্য শিশুদের চিত্কারে আশপাশের লোকজন এসে তাদের খোঁজাখুঁজি শুরু করে। পাশাপাশি স্থানীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীদের সংবাদ দেয়া হয়। কিন্তু তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই নিখোঁজ শিক্ষার্থীদের মরদেহ ভেসে ওঠে।
বগুড়ার শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, পুকুরে গোসল করতে নেমে দুই বোন নিখোঁজ হয়েছে, এমন খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যাই। সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরাও ছিলেন। তবে ঘটনাস্থলে যাওয়ার আগেই মরদেহ পানিতে ভেসে ওঠে।










