ঢাকার ধামরাইয়ে সাংবাদিক শামসুজ্জামান শামসের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসীসহ সাংবাদিকরা। এতে অংশ নিয়েছিলেন শামসুজ্জামানের মা করিমন নেছা। তবে তিনি মানববন্ধনে দাঁড়িয়ে কোনো কথা বলতে পারেননি, কান্নায় ভেঙে পড়েন। গতকাল দুপুরে ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এ মানববন্ধন করেন শতাধিক এলাকাবাসী ও সাংবাদিকরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শামসুজ্জামানের বড় ভাই রবিউল করিমের স্ত্রী সালমা, মামাতো ভাই ফারুক হোসেন, দীপ্ত টিভির সাভার প্রতিনিধি এমএ হালিম, সাংবাদিক আরিফুল ইসলাম সাব্বির, ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসেন এবং ঢাকা টাইমসের সাভার প্রতিনিধি আহমাদ সোহান সিরাজি।
একই দাবিতে দুপুরে ধামরাই প্রেস ক্লাব ও আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরাও মানববন্ধন করেন।










