ঝালকাঠিতে নারায়ণগঞ্জ ফেরত পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ রবিবার বেলা ১২টায় আইইডিসিআর থেকে ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো নমুনা সংগ্রহের রিপোর্টে তার করোনা পজেটিভ আসে।

খবর পেয়ে তার বাড়িসহ আশেপাশের কয়েকটি ঘর লকডাউন করেছে জেলা প্রশাসন। করোনা আক্রান্ত ওই এসআইকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার।

যদি তার অবস্থার অবনতি হয়, তাহলে তাকে সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হবে বলেও জানান সিভিল সার্জন। ওই এসআই নারায়ণগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ১৪ এপ্রিল রাতে নারায়ণগঞ্জ থেকে ঝালকাঠি সদরের বাড়িতে আসেন। করোনা উপসর্গ থাকায় স্বাস্থ্য বিভাগ পরের দিন তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠায়।

এদিকে এ খবর ছড়িয়ে পড়ায় ঝালকাঠি জেলাজুড়ে করোনা আতঙ্ক দেখা দিয়েছে। এনিয়ে জেলায় ৫ জন করোনা আক্রান্ত হয়েছে। গত ১৭ এপ্রিল ঝালকাঠি সদর উপজেলাকে লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জেলা প্রশাসক মো. জোহর আলী।