বগুড়ায় সাজু মিয়া (৫০) নামে এক ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা শহরের ঝোপগাড়ি এলাকার একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাজু মিয়া শহরের আটাপাড়া এলাকার আবু তালেবের ছেলে। তবে তিনি শহরতলীর বড় কুমিড়া গ্রামে শ্বশুরবাড়ির পাশে বসবাস করতেন।

জানা যায়, সাজু মিয়া ব্যাটারীচালিত ভ্যান চালাতেন। গতকাল বুধবার সন্ধ্যায় তিনি ভ্যান গ্যারেজে রেখে বাড়ি থেকে বের হন। এরপর থেকে সাজু মিয়ার খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতে বাড়ি না ফেরায় আজ সকাল থেকে পরিবারের লোকজন সাজু মিয়ার সন্ধান করতে থাকেন। এক পর্যায়ে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ঝোপগাড়ি বিএড কলেজের পাশের একটি জঙ্গলে সাজু মিয়ার গলাকাটা মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। 

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক জানান, লাশের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা, মাদক সেবন নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।