জুলাই-আগস্ট মাসের গ্যাস ও বিদ্যুৎ বিল আগামী ১২ মাসে কিস্তিতে পরিশোধের সুযোগ চেয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। এজন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে চিঠি দিয়েছে সংগঠনটি।
সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেমের সই করা চিঠিতে সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার জন্য মন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া হয়েছে। ৯ আগস্ট চিঠিটি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, জুলাই ও আগস্টে গ্যাস ও বিদ্যুতের মারাত্মক সংকটের কারণে দেশের নিটওয়্যার শিল্পপ্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে খোলা সিলিন্ডার ও সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহের উদ্যোগ নেয়া হলেও কারখানাগুলোয় স্বাভাবিক গ্যাস সরবরাহ বন্ধ থাকায় অনেক প্রতিষ্ঠান উৎপাদন কার্যক্রম চালাতে পারেনি।
উৎপাদন অব্যাহত রাখতে কারখানার মালিকদের নগদ অর্থ ব্যয় করে ডিজেল, এলপিজি ও অন্যান্য বিকল্প জ্বালানি সংগ্রহ করতে হয়েছে। এসব জ্বালানি কেনার অতিরিক্ত ব্যয় কারখানাগুলোর পূর্বনির্ধারিত উৎপাদন ব্যয়ের মধ্যে ছিল না। ফলে শিল্পপ্রতিষ্ঠানগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এতে আরো বলা হয়েছে, এ অবস্থায় অধিকাংশ শিল্পপ্রতিষ্ঠানের পক্ষে জুলাই ও আগস্টের গ্যাস ও বিদ্যুৎ বিল এককালীন পরিশোধ করা কঠিন হবে। সংগঠনটির মতে, অতিরিক্ত জ্বালানি ব্যয়ের কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় এ সময় শিল্পপ্রতিষ্ঠানগুলোর ওপর আর্থিক চাপ আরো বেড়েছে।
রফতানি কার্যক্রম সচল রাখা, বৈদেশিক মুদ্রা অর্জনের ধারা অব্যাহত রাখা এবং শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষার স্বার্থে জুলাই ও আগস্টের গ্যাস ও বিদ্যুৎ বিল কিস্তিতে পরিশোধের সুযোগ দেয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
মোহাম্মদ হাতেম চিঠিতে বলেন, সরকারের বিবেচনা ও সহযোগিতায় রফতানিমুখী শিল্প খাতের উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব হবে। এর মাধ্যমে জাতীয় অর্থনীতির ধারাবাহিক অগ্রযাত্রা বজায় থাকবে।










