ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে কুতুব উদ্দিন (৩০) নামে ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যার পর মরদেহ ফেলে যায় দুর্বৃত্তরা। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিহত কুতুব উদ্দিন (৩০) উপজেলার বিলডোরা ইউনিয়নের আতুয়াডাঙ্গা গ্রামের আব্দুল হেকিমের পুত্র। তিনি মাছের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় সূত্র ও হালুয়াঘাট থানা পুলিশ জানায়, কুতুব উদ্দিন গতকাল বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরেননি। এ নিয়ে তার পরিবার দুচিন্তায় থাকলে শুক্রবার সকালে এলাকাবাসী কুতুবের মরদেহ একই এলাকায় একটি ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

এলাকাবাসীর ধারণা, নারী সংক্রান্ত কোন কারণে তাকে হত্যা করা হতে পারে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির শরীরে অনেক জখম রয়েছে। হয়তো তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গফরগাঁও সার্কেল এএসপি খলিলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনা তদন্তের পুলিশের একটি টিম কাজ করছে বলে তিনি জানান।