রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসার নামে নৈরাজ্য বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী। গতকাল দুপুরে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন করে এ দাবি জানানো হয়। চিকিৎসকদের রোগীবান্ধব হয়ে রোগীদের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান বক্তারা।
সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আয়োজনে এ মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, মানুষ এখন চিকিৎসা ব্যবস্থায় প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে। চিকিৎসা ও চিকিৎসকদের বর্ধিত ফি নিয়েও অসহায় হয়ে পড়েছে সাধারণ মানুষ। বেসরকারি ক্লিনিক, প্যাথলজিতে চিকিৎসকরা রোগীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করছেন।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সাংগঠনিক সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক হারুনার রশিদ, মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি নুরুল ইসলাম মতিন, আইনজীবী এন্তাজুল হক বাবু, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের রাজশাহীর নেত্রী সেলিনা বেগম প্রমুখ।










