মুজিব বর্ষ উপলক্ষে ময়মনসিংহের ৪ হাজার ৭০৮ জন ভূমিহীন পরিবারকে ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। প্রথম পর্যায়ে জেলার ১৩টি উপজেলায় ১ হাজার ৩০৫টি ঘর হস্তান্তর করা হবে। এরই মধ্যে এসব ঘর নির্মাণকাজ শেষ পর্যায়ে। ১০ জানুয়ারির মধ্যে গৃহহীন পরিবারের হাতে এসব ঘর হস্তান্তর করা হবে।

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী উপকারভোগী নির্বাচন ও ঘরের গুণগতমান নিশ্চিতকরণ এবং নির্দিষ্ট সময়ে ঘর হস্তান্তরের জন্য উপজেলা প্রশাসনের কাছে প্রয়োজনীয় নির্দেশনা পৌঁছে দেয়া হয়েছে। ঘরগুলো সুষ্ঠুভাবে নির্মাণে আমাদের টিম সর্বাত্মক কাজ করে যাচ্ছে। এ বিষয়ে মাঠ প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রয়োজনীয় নির্দেশনা জোরদারে মনিটরিং করা হচ্ছে।

ময়মনসিংহ জেলা প্রশাসক আরো জানান, প্রথম পর্যায়ে ‘ক’ শ্রেণীভুক্ত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ খাস জমি প্রদান করে ঘর নির্মাণ করে দেয়া হবে। দুই কক্ষবিশিষ্ট প্রতিটি আধা পাকা ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। টিনের চাল, দেয়াল ও মেঝে পাকা বাড়িগুলো সরকার নির্ধারিত একই ডিজাইনে নির্মাণ করা হচ্ছে। রান্নাঘর, সংযুক্ত টয়লেট ও ইউলিটি স্পেসসহ অন্যান্য সুবিধা থাকবে এসব বাড়িতে। দ্রুত এবং গুণগতমান নিশ্চিত করে ঘর নির্মাণের পর তা উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে।

ময়মনসিংহের জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার ১৩টি উপজেলায় মোট ১ হাজার ৩০৫টি ঘর নির্মাণকাজ একযোগে চলছে, যা এখন শেষ পর্যায়ে।  ১০ জানুয়ারির মধ্যে ঘরগুলোর নির্মাণকাজ শেষ হবে বলে আশাবাদী জেলা প্রশাসক।

সম্প্রতি ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন আশ্রায়ণ প্রকল্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৫ আল মামুন মুর্শেদ। এ সময় জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।