রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় একযোগে করোনা সচেতনতামূলক বার্তা দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮০ শিক্ষার্থী।
পৃথক ১৬টি টিম গতকাল থেকে সচেতনতামূলক এ ক্যাম্পেইন শুরু করে।
স্বাস্থ্যবিধি মানা যেমন মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলা, টিকার নিবন্ধন ও গ্রহণ, ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া ইত্যাদি বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে গ্রুপগুলো সপ্তাহব্যাপী কাজ করবে।
বাংলাদেশ বেতার রাজশাহীর পৃষ্ঠপোষকতা ও ইউনিসেফের সহযোগিতায় ‘নর্থ বেঙ্গল কভিড-১৯ ইয়ুথ ফোরাম’
নামের একটি প্লাটফর্মের উদ্যোগে শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রমে মাস্ক বিতরণের পাশাপাশি কার্যক্রমের অংশ হিসেবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, শিশু, যুবক, নারী, ধর্মীয় নেতা ও প্রশাসনিক কর্মকর্তাদের মাঝে কাজ করবেন।
এর আগে বুধবার সন্ধ্যায় একটি ভার্চুয়াল সভায় এই সচেতনতামূলক কার্যক্রম কীভাবে চলবে তার নির্দেশনা দেয়া হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে শিক্ষার্থীদের নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাজিয়াত হোসেন চৌধুরী, সহকারী অধ্যাপক মামুন আবদুল কাইয়ুম প্রমুখ।









