বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৮টি বিদেশী অস্ত্র ও বিস্ফোরক জব্দ করা হয়েছে। আইএসপিআর থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।
বার্তায় বলা হয়, রোববার (২৬ অক্টোবর) সকাল সোয়া এগারোটায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সহায়তায় রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে রাজশাহী ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি নির্দিষ্ট বগি তল্লাশি করে ৮টি বিদেশী পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড অ্যামুনিশন, ২ দশমিক ৩৯ কেজি গান পাউডার এবং ২ দশমিক ২৩ কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চারজন ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।









