স্পেকট্রাম মূল্য নির্ধারণে সরকার, মানুষ ও ব্যবসার মধ্যে ভারসাম্য রাখতে হবে। সাশ্রয়ী স্পেকট্রাম মূল্য নিশ্চিত হলে নেটওয়ার্কে বিনিয়োগ ও সেবার মান বাড়ানো সম্ভব হবে।

রাজধানীতে গতকাল টেলিযোগাযোগ খাতের এক গোলটেবিল আলোচনায় সরকারের নীতিনির্ধারক, টেলিকম খাতের বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের বক্তব্যে এসব কথা উঠে আসে। বক্তারা মনে করেন, স্পেকট্রামের মূল্য নির্ধারণে গ্রাহক, শিল্প ও সরকারের স্বার্থ একসঙ্গে বিবেচনা করতে হবে।

তেজগাঁওয়ের হলিডে ইন হোটেলে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি)। ‘স্পেকট্রাম ফর এ কানেক্টেড বাংলাদেশ: এনাবলিং ইন্টারনেট ফর অল’ শীর্ষক এ বৈঠকে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.)।

টিআরএনবির সভাপতি এসএম মাসুদুজ্জামান রবিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন অ্যাসোসিয়েশন অব মোবাইল অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব মোহাম্মদ জুলফিকার, রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা, বাংলালিংক সিইও ইয়োহান বুসে, গ্রামীণফোন সিইও ইয়াসির আজমান, অ্যামটব মহাসচিব লে. কর্নেল মোহাম্মদ জুলফিকার, বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার তাইমুর রহমান, গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ, রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম, এফআইসিসিআই এক্সিজিউটিভ ডিরেক্টর টিআইএম নূরুল কবীর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন টেলিযোগাযোগ বিশেষজ্ঞ এমডি মুনির হাসান ও স্বাগত বক্তব্য দেন টিআরএনবির সাধারণ সম্পাদক ফারুক হোসাইন।