যশোর পৌরসভায় খুঁটিমুক্ত বিদ্যুৎ সরবরাহ করতে চাচ্ছে বিদ্যুৎ বিভাগ। এরই মধ্যে পৌর এলাকার ওভার হেড বিদ্যুৎ সঞ্চালন লাইন বদলে মাটির নিচে স্থাপনের পরিকল্পনা হয়েছে। মাটির নিচে লাইনের দৈর্ঘ্য হবে ৭৫০ কিলোমিটার। এজন্য (৩ কেভি ও ১১ কেভি) খরচ ধরা হয়েছে প্রায় ৩ হাজার কোটি টাকা।

বিদ্যুৎ বিভাগসংশ্লিষ্টরা বলছেন, পরিকল্পনা বাস্তবায়ন হলে সব বৈদ্যুতিক তার মাটির নিচ দিয়ে যাবে। থাকবে না তারের জট। পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হলে যানবাহন ও যাত্রী চলাচল বিপদমুক্ত হবে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বিদ্যুৎ সরবরাহ থাকবে স্বাভাবিক।

বিদ্যুৎ বিভাগের একাধিক সূত্র জানিয়েছে, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি খুলনা, বরিশাল এবং যশোরে প্রায় ২ হাজার ৬১ কিলোমিটার ভূগর্ভস্থ লাইন স্থাপনে একটি পরিকল্পনা নিয়েছে। মূল প্রকল্পের নাম আন্ডারগ্রাউন্ড পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম প্রজেক্ট ইন ওয়েস্ট জোন এরিয়া। প্রকল্পের মধ্যে যশোর পৌরসভায় প্রায় ৭৫০ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন ভূগর্ভস্থ করা হবে। ব্যয়ের জন্য অর্থ সহায়তাকারী প্রতিষ্ঠান খোঁজা হচ্ছে। অর্থ জোগানদাতা সংস্থা মিললে দরপত্র আহ্বান করা হবে। তিন বছর আগে হাতে নেয়া প্রকল্প কভিডের কারণে দুই বছর এক প্রকার স্থগিত ছিল। বিদ্যুৎ বিভাগের আশা, জাতীয় নির্বাচন শেষ হওয়ায় প্রকল্পটির কার্যক্রম এখন নতুন গতি পাবে।

যশোর বিদ্যুৎ বিভাগের দাবি, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এতে অর্থায়ন করতে পারে। বিষয়টি এখন সিদ্ধান্তের পর্যায়ে। জানা গেছে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার আধুনিকায়নে দেশের প্রধান শহরগুলোয় ওভারহেড কেবল মাটির নিচ দিয়ে স্থাপনের উদ্যোগ নেয় সরকার। প্রথম দিকে দেশের বড় শহর ও মেট্রোপলিটন এলাকায় বিদ্যুতের লাইন মাটির নিচে সরানোর পরিকল্পনা নেয়া হয়। পরবর্তী সময়ে পরীক্ষামূলক ডিপিডিসি এবং ডেসকো ঢাকা মেট্রোপলিটন এলাকার কিছু অংশ বিদ্যুৎ লাইনের আন্ডারগ্রাউন্ড কেবলিংয়ের কাজ করেছে। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড সিলেট মেট্রোপলিটন এলাকায় আন্ডারগ্রাউন্ড লাইন নির্মাণের কাজ শেষ করেছে, আর নেসকো রাজশাহী ও রংপুরে এ লাইনের কাজ করেছে।

এদিকে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (পিডিবি) বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার দীর্ঘায়ু ও নির্ভরযোগ্যতা বাড়াতে ছয়টি বড় শহরের সব ওভারহেড বিদ্যুৎ বিতরণ লাইনকে ভূগর্ভস্থ লাইনে প্রতিস্থাপন করার উদ্যোগ নেয়। সম্ভাব্যতা অধ্যয়নে আন্তর্জাতিক পরামর্শদাতা সংস্থার পরামর্শে পরবর্তী সময়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি খুলনা, বরিশাল এবং যশোরে প্রায় ২ হাজার ৬১ কিলোমিটার ভূগর্ভস্থ লাইন স্থাপনের জন্য একটি পরিকল্পনা গ্রহণ করে। প্রকল্পের জন্য প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকার সম্ভাব্য ব্যয় ধরা হয়।

এ বিষয়ে যশোর ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার জানান, বিষয়টি সরাসরি যশোরের নয়। তিনটি জেলার তিনটি শহরের জন্য একসঙ্গে প্যাকেজ আকারে উপস্থাপন করা হয়েছিল বলে জেনেছি। বাস্তবায়নের জন্য দাতা সংস্থা খোঁজা হচ্ছে। আপাতত স্থগিত রয়েছে। ওজোপাডিকোর খুলনা অঞ্চলের পরিকল্পনা বিভাগ বিস্তারিত জানাতে পারে।

ওজোপাডিকো খুলনার পরিকল্পনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শহিদুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘সম্ভাব্যতা যাচাই ও সম্ভাব্য ব্যয় বাজেট তৈরি করা হয়েছিল। এটি আগের প্রকল্প। কভিডের পর বিষয়টি থেমে যায়। তাছাড়া একটি বড় অংকের অর্থের ব্যাপার রয়েছে এটি বাস্তবায়নে। জাতীয় নির্বাচন শেষ হওয়ায় এ বিষয় নিয়ে আবার কাজ শুরুর ইচ্ছা আছে আমাদের।’