আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণীতে কোনো ভর্তি পরীক্ষা হবে না, লটারির মাধ্যমে এ শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিকের অন্য শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এতে জানানো হয়, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্য সব শ্রেণীতে ভর্তি পরীক্ষার মাধ্যমে করা হবে। মন্ত্রণালয় আরো জানায়, এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট প্রকাশ করা হবে।

২০১১ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে পরীক্ষার পরিবর্তে লটারি পদ্ধতি চালু করা হয়। পরের বছর বেসরকারি বিদ্যালয়েও এ প্রক্রিয়া কার্যকর হয়। সে সময় দ্বিতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি পরীক্ষা নেয়া হলেও কভিড-১৯ মহামারির কারণে ২০২১ শিক্ষাবর্ষ থেকে সব শ্রেণীতে লটারির মাধ্যমে ভর্তি শুরু হয়।