বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। গতকাল দুপুর থেকে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে ছুটে যান বহু মানুষ।
বুধবার বিকালে খালেদা জিয়াকে দাফন করার পর জিয়া উদ্যানের প্রবেশমুখ বন্ধ রাখা হয়েছিল। কিন্তু গতকাল সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জিয়া উদ্যানে মানুষ এসে জড়ো হলে দুপুর ১২টার পর থেকে সবার জন্য সেটি খুলে দেয়া হয়। এ সময় আগতরা তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া প্রার্থনা করেন। এ সময় কান্না করতে দেখা গেছে অনেককে।
জানা যায়, সংস্কারকাজ চলমান থাকায় বন্ধ রাখা হয় ভেতরে প্রবেশ। গতকাল দুপুরে তা উন্মুক্ত করে দেয়া হয়। এরপর জনতার ঢল নামে। এ সময় পুরো উদ্যানের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি নিয়োজিত ছিল অন্য বাহিনীর সদস্যরাও।
গতকাল সকালে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি প্রয়াত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জন্য মোনাজাত করেন। জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে খালেদা জিয়া আপসহীন ছিলেন জানিয়ে বাবর সংবাদমাধ্যমকে বলেন, ‘যখন আমি যা চেয়েছি উনি আমাকে তাই দিয়েছেন। র্যাবকে রাজনৈতিকভাবে একদিনের জন্য বা ১ ঘণ্টার জন্যও আমরা ব্যবহার করিনি। এটা কেউ বলতে পারবে না, প্রমাণ দেখাতে পারবে না। অন্যায় করলে বিএনপি নেতাকর্মীদেরও ছাড় দেয়া হতো না। এমন নেত্রী ছিলেন খালেদা জিয়া। নেত্রীর সঙ্গে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছি। উনার দেশপ্রেম দেখেছি। স্বাধীনতা-সার্বভৌমত্ব প্রশ্নে উনি কোনো আপস করেননি।’
৩০ ডিসেম্বর ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া মারা যান।










