রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে হামলার ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। একই সময়ে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

গতকাল দুপুরে রমনা থানার সেগুনবাগিচার একটি বাসা থেকে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে ডিবি। পরে সংবাদমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

ডিবি জানায়, নিউ গিনি প্রপার্টিজে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় করা মামলার ৪ নম্বর আসামি গোলাম মহিউদ্দিন চৌধুরী।

অন্যদিকে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে বিএফআইইউ। চিঠি পাওয়ার আধা ঘণ্টার মধ্যে তার ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম, গ্রাহকের পরিচিতি ও সংশ্লিষ্ট নথি (কেওয়াইসি) এবং লেনদেন বিবরণীসহ প্রয়োজনীয় তথ্য বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।