দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে উগ্র ভারতীয়দের দ্বারা হামলার ঘটনার পর সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা দেয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ হাইকমিশন নয়াদিল্লি থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন থেকে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা দেয়া স্থগিত করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে।

গত শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে চরমপন্থি সংগঠন ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র ২০ থেকে ২৫ জনের একটি দল বিক্ষোভ করে। তারা প্রায় ২০ মিনিট সেখানে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয়। এ সময় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয়ার ঘটনাও ঘটে বলে জানা গেছে।

এ বিষয়ে রোববার (২১ ডিসেম্বর) বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, দিল্লিতে কূটনৈতিক এলাকার ভেতরে বাংলাদেশ মিশনের অবস্থান অত্যন্ত নিরাপদ স্থানে। সেখানে হিন্দু চরমপন্থিদের প্রবেশের বিষয়টি প্রত্যাশিত নয়। এতে বোঝা যায়, তাদের সেখানে আসতে দেয়া হয়েছে, যা উদ্বেগজনক।