লিবিয়ায় অনিয়মিতভাবে বসবাস করা ১৭৬ বাংলাদেশী নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে (ইউজেড ০২২২) তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এ প্রত্যাবাসন প্রক্রিয়াটি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সম্মিলিত উদ্যোগে সম্পন্ন হয়েছে। ফেরত আসা নাগরিকদের মধ্যে ১৭২ জন ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন এবং বাকি চারজন আইওএমর আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিলেন।
এর আগে বুধবার (১৭ সেপ্টেম্বর) উত্তর আফ্রিকার দেশটির রাজধানী ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় এই ১৭৬ বাংলাদেশীকে ফেরত পাঠানো হয়। একই দিন ত্রিপলীর বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করে।
দূতাবাস জানায়, লিবিয়ার বাংলাদেশ দূতাবাস বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশী নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনে স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এ প্রক্রিয়ার ধারাবাহিকতায় বুধবার তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ১৭৬ জন বাংলাদেশীকে আইওএমের সহায়তায় দেশে ফেরত পাঠানো হয়েছে।
লিবিয়ার বাংলাদেশ দূতাবাস আরো জানায়, রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল লিবিয়ার অভিবাসন অধিদফতরের অভ্যর্থনা কেন্দ্রে উপস্থিত থেকে প্রত্যাবাসিত এসব নাগরিকদের বিদায় জানান।










