বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে চিনি বোঝাই একটি মালবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোরে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের কাইসমা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। ট্রলারটিতে ৩ হাজার ৭২০ বস্তা চিনি ছিল। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিকাশ চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে বলেন, ডুবে যাওয়া ট্রলারের সুকানি মো. হাশেমসহ চারজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে হিজলা নৌ পুলিশ। তবে এতে মাঝি-মাল্লা ছাড়া কোনো যাত্রী ছিল না।
হিজলা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. নুরুল ইসলাম বলেন, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৩০০ বস্তা চিনি উঠাতে পারলেও বাকিগুলো পানিতে গলে যায়।
ট্রলারের মালিক মো. হোসেন বন্ধু জানান, গতকাল মঙ্গলবার দুপুরে সোনারগাঁও এলাকার মেঘনা মিল থেকে চিনি বোঝাই করে এম. ভি. ফারহান ফাহিম নামের ট্রলারটি ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। আজ এটি ডুবে যায়।










