মানহানির মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার (ভূমি) তাপসী তাবাসসুম উর্মি। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদ তার জামিন আবেদন মঞ্জুর করেন। খবর বাসস।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তাবাসসুম উর্মি আদালতে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন এবং জামিন চাইলে আদালত শুনানি গ্রহণ করেন। এ সময় মামলার বাদীপক্ষ তার জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

গত ৮ অক্টোবর শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলার আবেদন করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

মামলায় অভিযোগ করা হয়, ৫ অক্টোবর ম্যাজিস্ট্রেট তাবাসসুম উর্মি ফেসবুকে শহীদ আবু সাঈদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। এতে সংবিধানসম্মতভাবে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান সম্পর্কে বিষেদগার করা হয়েছে। এছাড়া সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টির অভিযোগও আনা হয়।

৮ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন বাদীর জবানবন্দি গ্রহণের পর ২৮ নভেম্বর তাকে আদালতে হাজির হতে সমন জারি করেন।

ফেসবুকে এই পোস্ট দেয়ার পর গত ৬ অক্টোবর তাবাসসুম উর্মিকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। পরদিন ৭ অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, তার বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

মামলাটি এখনো বিচারাধীন। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রশাসনিক ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।