জেলার মান্দা উপজেলায় মাসুদ রানা (৪৫) নামে এক ব্যবসায়ীর দুই গুদাম থেকে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ খাদ্যপণ্য জব্দ করেছে উপজেলা প্রশাসন। আসন্ন রমজানকে কেন্দ্র করে গুদাম দুটিতে ভোজ্যতেল, মুড়ি, আটা, গম, ছোলা, বুট, চিনিসহ বিভিন্ন খাদ্যপণ্য মজুদ করা হয়েছিল। জব্দকৃত পণ্যসামগ্রীর দাম আনুমানিক ২ কোটি টাকার ওপর বলে জানা গেছে।
উপজেলার পরাণপুর ইউনিয়নের সোনাপুর ও কালীতলা বাজার এলাকার মাসুদ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের দুটি গোডাউনে বুধবার সন্ধ্যা থেকে গত রাত ২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানকালে মজুদকৃত পণ্যসামগ্রী জব্দ করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য অবৈধভাবে মজুদের দায়ে ওই প্রতিষ্ঠানের মালিক মাসুদ রানাকে (৪৫) আটক করেন ভ্রাম্যমাণ আদালত। আটক মাসুদ পরাণপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মুনসুর আলীর ছেলে।
মজুদবিরোধী এই অভিযানে নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন চন্দ্র রায়, মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার (মান্দা সার্কেল) মতিয়ার রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলী, জাতীয় গোয়েন্দা সংস্থার সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় পরাণপুর ইউনিয়নের গুদামটিতে বিপুল পরিমাণ খাদ্যপণ্যের অবৈধ মজুদের তথ্য পায় উপজেলা প্রশাসন। এর ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ১৩ হাজার ১৩৫ লিটার সয়াবিন তেল, ১ লাখ ২৮ হাজার কেজি গম, ৮ হাজার কেজি আটা, ২৭ হাজার ১৭৫ কেজি অ্যাংকর ডাল (ছোলা), ৪ হাজার ৫০ কেজি চিনি, ৪ হাজার ৭০০ কেজি বুট, ৫ হাজার ৯২০ কেজি পামওয়েল এবং ১ হাজার ২০০ কেজি লবণ জব্দ করা হয়। জব্দ করা সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৫ লাখ ৫৭ হাজার ৬৭০ টাকা বলে জানা গেছে।
অভিযান শেষ না হতেই আরো একটি গোডাউনের তথ্য আসে ভ্রাম্যমাণ আদালতের কাছে। সেই তথ্যের ভিত্তিতে মাসুদ এন্টারপ্রাইজের মালিক মাসুদ রানার কালীতলা বাজার এলাকার দোকানসংলগ্ন গোডাউনে দ্বিতীয় দফায় রাতভর অভিযান চালানো হয়। সেখান থেকে আরো ৭ হাজার ৪৭৪ কেজি ময়দা, ৮২৫ কেজি এসিআই ব্র্যান্ডের লবণ, ৩ হাজার ৮৫০ কেজি মোটা লবণ (গো-খাদ্য), ৯০০ কেজি বস্তাজাত খোলা লবণ, ৩ হাজার ৬৬৭ লিটার সরিষার তেল, ১ লাখ ৩ হাজার ৯০০ কেজি গম, ৫ হাজার ৪০৪ লিটার পামওয়েল তেল, ৪ হাজার ৫৩ লিটার সয়াবিন তেল, ১ হাজার ৬০০ কেজি মুড়ি, ২৩ হাজার ৭৫ কেজি অ্যাংকর ডাল (ছোলা), ৯০০ কেজি খৈল (গো-খাদ্য), ৮ হাজার ৬৮০ কেজি ভুসি (গো-খাদ্য), ৫ হাজার ৮১০ কেজি তুষার ভুসি (গো-খাদ্য), ৫ হাজার ৮৫০ কেজি ব্রয়লার ফিড (মুরগির খাদ্য), ১৩ হাজার ৬৪০ কেজি চাকি আটা (গো-খাদ্য), ৩৭৫ কেজি ছোলা, ৪ হাজার ৫৭৫ কেজি মসুর ডাল এবং ৮ হাজার ৭০০ কেজি চিনি জব্দ করে উপজেলা প্রশাসন। এসবের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৯ লাখ ৫৯ হাজার ৯৬৩ টাকা।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু বলেন, ‘ব্যবসায়ী মাসুদ রানা দীর্ঘদিন যাবত লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করে আসছিলেন। জাতীয় গোয়েন্দা সংস্থার এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা থেকে রাতভর মজুদবিরোধী অভিযান চালিয়ে তার অবৈধ দুটি গোডাউন থেকে প্রায় ২ কোটি ১৫ লাখ ১৭ হাজার ৬৩৩ টাকা মূল্যের খাদ্যপণ্য জব্দ করা হয়েছে। পরে গোডাউনগুলো সিলগালা করা হয়। এ ধরনের অপরাধে আর্থিক জরিমানা যথেষ্ট নয়। তাই উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে বাদী হয়ে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা করার পরামর্শ দেয়া হয়েছে। জব্দকৃত খাদ্যপণ্যের বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবেন।
মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, ‘মজুদবিরোধী অভিযানে কোটি টাকা মূল্যের খাদ্যপণ্য জব্দের পর ওই ব্যবসায়ীকে আটক করলে সে অসুস্থ হয়ে পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালতের অনুমতিক্রমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। বর্তমানে তিনি পুলিশের নজরদারিতে চিকিৎসাধীন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে মামলা করলে তাকে গ্রেফতার দেখানো হবে।’
নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা জানান, আসন্ন রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী খাদ্যপণ্য মজুদ করে দাম বাড়ানোর পাঁয়তারা করছেন। পণ্যগুলো মাসুদ এন্টারপ্রাইজের নামে কেনা হলেও ওই নামে কোনো ব্যবসায়িক লাইসেন্স ছিল না। মজুদ করে বেশি দামে বিক্রি করাই ছিল মূল উদ্দেশ্য। এ ধরনের মজুদদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।










