বগুড়ার সোনাতলা উপজেলার বাঙ্গালী নদীতে গোসল করতে নেমে আইনুল ইসলাম (১৬) নামে এসএসসি পরীক্ষার্থী ডুবে মারা গেছে। সে উপজেলার সোনাকানিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে এবং বয়ড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র। শনিবার দুপুরে গোসলে নেমে ডুবে যাওয়ার প্রায় ২২ ঘণ্টা পর গতকাল সকালে তার মরদেহ উদ্ধার হয়।
এলাকাবাসী ও সোনাতলা থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১টার দিকে আইনুল ইসলাম সোনাকানিয়া গ্রামের গুড়াভাঙ্গা বাঙ্গালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। এ সময় তার আত্মীয়স্বজন ও গ্রামবাসী নদীতে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে সোনাতলা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়।
ওইদিন বিকাল ৫টা পর্যন্ত সোনাতলা ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা নদীতে ওই স্কুলছাত্রকে উদ্ধারের চেষ্টা চালান। এরপর রাজশাহী ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ ২২ ঘণ্টা পর গতকাল সকালে আইনুলের মরদেহ উদ্ধার করে।
বগুড়ার সোনাতলা থানার ওসি রেজাউল করিম রেজা জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।










