কর্মচারীদের সাথে দীর্ঘদিন থেকে খারাপ আচরণ এবং গুরুত্ব না দেওয়ার অভিযোগ তুলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান আল আরিফের পদত্যাগ দাবি করেছেন বিশ্ববিদ্যালয়টির সাধারণ ও সহায়ক কর্মচারীরা। আজ মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এ দাবি জানান তারা।

এর আগে গতকাল ১৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের স্বাস্থ্য বিমা নিয়ে কোষাধ্যক্ষের কক্ষে অনুষ্ঠিত সভায় সাধারণ কর্মচারী ইউনিয়নের নেতাদের আসতে দেরি হওয়ায় কোষাধ্যক্ষ ড. অধ্যাপক মোস্তাফিজুর রহমান আল আরিফ তাদের সাথে খারাপ আচরণ করেন বলে অভিযোগ কর্মচারীদের।

কর্মসূচিতে সাধারণ ও সহায়ক কর্মচারী ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম ভুট্টু বলেন, আমরা কোষাধ্যক্ষের খারাপ আচরণে অতিষ্ঠ হয়ে আজকের এ কর্মসূচিতে এসেছি। অনতিবিলম্বে আমরা বর্তমান কোষাধ্যক্ষের পদত্যাগ চাই।

ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বলেন, অসহায় গরীব কর্মচারীদের মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দ দেয়া লোন বরাদ্দ নিয়ে আমাদের সাথে কোষাধ্যক্ষ ও অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা আব্দুল্লাহ-আল-আনসারী দুর্ব্যবহার করেছে। আমরা এর ধিক্কার জানাই। কোষাধ্যক্ষের পদত্যাগ ও আমাদের বিশ্ববিদ্যালয়ে কর্মরত ১৪০০ কর্মচারীদের অনতিবিলম্বে লোন প্রদান না করা হলে আমরা ১৯ মার্চ থেকে কঠোর আন্দোলনে যাবো।

তবে বিষয়টি নিয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।