বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমু্দ বর্তমানে শারীরিকভাবে স্থিতিশীল আছেন। তবে পূর্ণাঙ্গ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে আরো কয়েকদিন হাসপাতালে অবস্থান করতে হতে পারে বলে জানিয়েছে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের মেডিকেল বোর্ড। আজ বুধবার (২ সেপ্টেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
মঙ্গলবার রাত ১টা ৪০ মিনিটে জ্বর, শ্বাসকষ্ট ও কাশিজনিত সমস্যার কারণে রাজধানীর শাহবাগে অবস্থিত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে আসেন বিদ্যুৎমন্ত্রী। তার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রয়েছে। কয়েকদিন আগে তার হৃদযন্ত্রের রক্তনালিতে একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছিল।
হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তার শ্বাসকষ্ট এবং রক্তে অক্সিজেনের মাত্রা কম পাওয়া যায়। পরে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাকে আরো পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। তার চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।
বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ফুসফুসে নিউমোনিয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়েছে। পরবর্তী সময়ে বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিকেল বোর্ড পুনর্গঠন করা হয়। বোর্ডের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে এবং সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।










