বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় ট্রলিচালক ও হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। বাকেরগঞ্জের বাকরকাঠির কাঠেরপোল এলাকায় গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাকেরগঞ্জের কবিরকাঠির জহিরুল তালুকদার (২৫), বায়জিদ
হাওলাদার (২৫) ও বাকরকাঠির রাকিব (২৩)।
বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম জানান, হুমায়রা এন্টারপ্রাইজের একটি বাস সকালে কুয়াকাটা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথে কাঠেরপোল এলাকায় বাসটির সঙ্গে বিপরীতমুখী একটি ট্রলির সংঘর্ষ হয়েছে। এতে ট্রলিটি উল্টে যায় এবং বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থল থেকে জহিরুল তালুকদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া বায়েজিদ ও রাকিব নামে গুরুতর আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে পথেই ওই দুজনের মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসকরা জানান।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন বিষয়টি নিশ্চিত করেন।









