আয়তনের দিক থেকে দেশের সবচেয়ে বড় জেলা হলেও রাঙ্গামাটিতে জাতীয় সংসদ নির্বাচনে আসন সংখ্যা একটি। গতবারের তুলনায় আসনটিতে এবার মোট ভোটার বেড়েছে ৬১ হাজার ১০০ জন। ভোট কেন্দ্র বেড়েছে ১০টি।
এবারের নির্বাচনে জেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৩১৭। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫০ হাজার ৯৪৪। নারী ২ লাখ ২৮ হাজার ৩৭৩।
জেলার ২১৩টি ভোট কেন্দ্রের মধ্যে দুর্গম এলাকার ১৮টি কেন্দ্র হেলিসর্টি। অর্থাৎ এ কেন্দ্রগুলোয় নির্বাচনী সরঞ্জাম ও নির্বাচনকর্মীদের যেতে হবে হেলিকপ্টারের মাধ্যমে। বাঘাইছড়িতে পাঁচটি, বরকল উপজেলায় দুটি, জুরাছড়ি উপজেলায় আটটি এবং বিলাইছড়ি উপজেলায় তিনটি হেলিসর্টি কেন্দ্র রয়েছে। নির্বাচনে জেলায় মোট ভোটকক্ষ থাকবে ১ হাজার ১২১টি।
রাঙ্গামাটির সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনির হোসেন জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৩১৭। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৩টি ভোট কেন্দ্র থাকলেও এবার রয়েছে ২১৩টি। অর্থাৎ ১০টি কেন্দ্র বেড়েছে।









