ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে হলে কোনোভাবেই মাদকের বিস্তার হতে দেয়া যাবে না। মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নিতে হবে এবং যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন থাকতে হবে।

গতকাল টাঙ্গাইল জেলা সদর রোডের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার আয়োজন করেছেন, যাতে শিক্ষার্থীরা শুধু লেখাপড়াতেই নয়, সহশিক্ষা কার্যক্রমেও অংশ নিয়ে নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে পারে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আজকের কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে। তাই তাদের মেধা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজকে একযোগে কাজ করতে হবে। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে সমৃদ্ধ আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে।’

এ সময় তিনি টাঙ্গাইলে টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুল ও মাদরাসার প্রায় ৫০০ কৃতী শিক্ষার্থীর মাঝে বৃত্তি, ক্রেস্ট ও সনদ তুলে দেন।

টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি টাঙ্গাইলের সভাপতি ড. খন্দকার আনিছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি মো. হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং ইউপিইটিসি, আজমিরীগঞ্জ, হবিগঞ্জের ইন্সট্রাক্টর মো. ইসলাম মিয়া। এ সময় টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি টাঙ্গাইলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাহিত্যবিষয়ক সম্পাদক বাবু ভবেশ মুকুট পাল প্রমুখ।