যারা আজ সম্মাননা পেলেন, তারা প্রত্যেকেই প্রচণ্ড দেশপ্রেমিক। তারা সবাই বাংলাদেশকে গড়ে তোলার স্বপ্ন দেখতেন এবং সেই লক্ষ্যেই কাজ করে গেছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। একই সঙ্গে এ গুণীজনদের অনুসরণ করেই আগামী প্রজন্ম দ্রুত বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর রেডিসন হোটেলে বণিক বার্তা ও বিআইডিএস আয়োজিত ‘গুণীজন সংবর্ধনা’ অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা এ প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘ময়না ভাই (অধ্যাপক ড. আমিরুল ইসলাম চৌধুরী) অত্যন্ত বিনয়ী ও জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি শিক্ষক হিসেবে যেমন সফল ছিলেন, তেমনি গণবিশ্ববিদ্যালয়েও কাজ করেছেন। ড. সালেহীন কাদরী আমার বন্ধু ছিলেন। তার পত্নী শায়লা (ড. ফিরদৌসী কাদরী) ছিলেন অত্যন্ত গোছানো ও কাজপাগল একজন মানুষ। তিনি বিজ্ঞান গবেষণায় যে নিষ্ঠা দেখিয়েছেন, তা অতুলনীয়।’
সৈয়দ মঞ্জুর এলাহী সম্পর্কে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, `মঞ্জুর এলাহী সাহেব খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতেন। একজন অত্যন্ত ‘সফট স্পোকেন’ ব্যক্তি হয়েও তিনি নিজের হাতে এতগুলো সফল প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। ব্যবসা-বাণিজ্যে তিনি প্রকৃত অর্থেই বিপ্লব এনেছেন।’
অর্থ উপদেষ্টা আরো বলেন, ‘মঞ্জুর এলাহী সাহেব ব্যবসা-বাণিজ্যে, ময়না ভাই গবেষণায় এবং শায়লা বিজ্ঞানে অসামান্য অবদান রেখেছেন। এই ধরনের স্বপ্নবাজ কিছু মানুষই আজ বাংলাদেশকে এতদূর নিয়ে এসেছেন। বণিক বার্তা ধারাবাহিকভাবে এই গুণীজনদের সম্মান দিয়ে আসছে, যা সত্যিই প্রশংসনীয়।’
উপদেষ্টা তার বক্তব্যে আগামী প্রজন্মের জন্য দিকনির্দেশনা দিয়ে বলেন, ‘আমরা আজ গর্বিত। এই গুণীজনদের অনুসরণ করেই আমরা দ্রুত বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এটাই হোক আমাদের আজকের বড় অঙ্গীকার।’










