দেশে ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। গতকাল মাদারীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, দিনাজপুর ও জয়পুরহাটে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে— 

মাদারীপুর: জেলার শিবচরে এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সূর্যনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাকিল আহমেদ জানান, ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি বাস বরিশাল যাচ্ছিল। পথিমধ্যে বাসটি সামনে থাকা একটি চলন্ত ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যান।

নরসিংদী: জেলায় মায়ের মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইতালি প্রবাসী ছেলেসহ দুজন নিহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টায় ঢাকা-সিলেট মহাড়কে নরসিংদীর শিবপুর উপজেলার ঘাসিরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই গ্রামের শাহজাহান মেম্বারের ছেলে ইতালি প্রবাসী শাহ আলম (৫০) এবং তার বোনের স্বামী একই উপজেলার শামস উদ্দিনের ছেলে সেলিম মিয়া (৪০)। পুলিশ জানিয়েছে, এক যুগেরও বেশি সময় ধরে স্ত্রী-সন্তান নিয়ে ইতালি ছিলেন শাহ আলম। বুধবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে তার মায়ের মৃত্যু হয়। খবর পেয়ে দেশে ফেরেন তিনি। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাইক্রোবাস নিয়ে ভগ্নিপতি সেলিম মিয়া, ভাগ্নেসহ চারজন ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে যাত্রা করেন। নরসিংদীর শিবপুর উপজেলার ঘাসিদিয়ায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই শাহ আলমের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর মারা যান সেলিম মিয়া। একই দিন জেলার মনোহরদীতে মোটরসাইকেলে এসএসসি পরীক্ষার্থী ছোট বোনকে কেন্দ্রে নামিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে কাভার্ড ভ্যানচাপায় সোহাগ মিয়া (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। 

ব্রাহ্মণবাড়িয়া: জেলার নবীনগরে বালিবোঝাই ট্রাক্টর উল্টে দুজন নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার নাটঘর ইউনিয়নের নবীনগর-রাধিকা সড়কের বড়হিতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আখাউড়া উপজেলার রুটি গ্রামের মো. শাহজাহানের ছেলে মো. এনামুল (২৬) এবং নবীনগর উপজেলার ব্রাহ্মণহাতা গ্রামের বজলু মিয়ার ছেলে আমির হোসেন (১৪)। এ ঘটনায় রাকিব (১৫) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন। তাকে জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে।  

ময়মনসিংহ: জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় গতকাল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মাহিন্দ্রায় তেলবাহী ট্রাকের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন মাহিন্দ্রার আরো তিন যাত্রী। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা জানান, দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন ঈশ্বরগঞ্জ পৌর এলাকার রবিন মিয়া (২০) ও পাশের গৌরীপুর উপজেলার গঙ্গাশ্রম গ্রামের আব্দুস সাত্তার (৬০)। 

দিনাজপুর: জেলার হিলিতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় আবির হোসেন জয় (৩২) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১টার দিকে হিলি বিরামপুর সড়কের নওপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবির হোসেন হিলির সাতকুড়ির মেহেবুল ইসলামের ছেলে। তিনি মণ্ডল ফার্মেসিতে কাজ করতেন। হাকিমপুর থানার উপপরিদর্শক সুমন কুমার বলেন, ‘আরিফ হোসেন নামের ওই যুবক দুপুরে মোটরসাইকেল নিয়ে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। হিলি বিরামপুর সড়কের মুহাড়াপাড়ায় বিজিবি ক্যাম্পের অদূরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

জয়পুরহাট: জেলার ক্ষেতলাল উপজেলার বটতলী বাজারে মোটরসাইকেল থেকে পড়ে উপজেলা ভূমি অফিসের কর্মচারী রেশমা বেওয়া নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেশমা বেওয়া জেলা শহরের দেওয়ানপাড়া মহল্লার মৃত মিরাজ উদ্দীনের স্ত্রী। তিনি ক্ষেতলাল উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক ছিলেন। পুলিশ জানিয়েছে, এক সহকর্মীর মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন রেশমা। পথে বটতলীতে একটি অটোরিকশা রাস্তার ওপর ঘোরানোর সময় মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রেক করেন। এ সময় রেশমা বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।