দেশে বৈদেশিক রেমিট্যান্স পাঠানোয় শীর্ষ পাঁচ দেশের একটি আরব আমিরাতের ব্যবসায়ী প্রতিনিধিরা বলেন, ‘প্রবাসীরা শুধু রেমিট্যান্সের উৎস নন, তারা বাংলাদেশের অর্থনীতির অংশীদার, বিনিয়োগকারী ও উন্নয়ন সহযোগী। ১ হাজার কোটি টাকার সম্ভাব্য বিনিয়োগ বাস্তবায়িত হলে দেশে নতুন শিল্প, কর্মসংস্থান, রফতানি ও প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ তৈরি হবে।’
গতকাল ঢাকার পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সিআইপি-বিজনেস অ্যাসোসিয়েশনের সদস্যরা এসব তথ্য জানান। প্রস্তাবিত বিনিয়োগের প্রধান খাতগুলো হলো—ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ইসলামিক ব্যাংকিং, ড্রাই ফুড প্রসেসিং ও প্যাকেজিং, ই-রেন্টাল সেবা, সোলার প্যানেল ও নবায়নযোগ্য জ্বালানি, পর্যটন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা। ব্যবসায়ীদের মতে, সরকার যদি সহজ অনুমোদন প্রক্রিয়া, জমি বা লিজ সুবিধা, প্রয়োজনীয় অবকাঠামো, বিনিয়োগ সুরক্ষা এবং ওয়ান-স্টপ সেবা নিশ্চিত করে, তবে এ বিনিয়োগ দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে।
এ সময় প্রবাসী প্রতিনিধিরা দীর্ঘদিনের ভিসা জটিলতা দূর করা এবং ভিসা বাতিলের কারণে দেশে আটকে পড়া প্রবাসীদের দ্রুত আমিরাতে ফেরার সুযোগ নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপও চেয়েছেন। তারা জানান, প্রায় ১২ বছর ধরে বাংলাদেশী কর্মীদের অভ্যন্তরীণভাবে মালিক পরিবর্তনের সুযোগ না থাকায় অনেকেই কর্মসংস্থান ও জীবিকা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। সাম্প্রতিক সময়ে ভিসা বাতিলের কারণে হাজারো প্রবাসী দেশে আটকে পড়েছেন, যাদের অনেকের চাকরি, ব্যবসা ও পরিবার রয়েছে আমিরাতে। এ বিষয়ে দ্রুত সমাধানের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ দাবি করা হয়।
প্রবাসীদের পক্ষ থেকে মোট ১৫ দফা প্রস্তাব তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—ভিসা জটিলতা নিরসন, বিদেশ যাওয়ার আগে ভাষা ও দক্ষতা প্রশিক্ষণ, সবার জন্য প্রবাসী কার্ড, স্থানীয় আইন সম্পর্কে প্রশিক্ষণ, মৃত প্রবাসীর মরদেহ সরকারি খরচে দেশে আনা, জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা, রেমিট্যান্স প্রণোদনা বৃদ্ধি, সাশ্রয়ী বিমান ভাড়া, প্রবাসীদের সম্পদ ও বিনিয়োগ সুরক্ষা, সহজ ঋণ ও বীমা সুবিধা এবং সংকটকালে জরুরি সহায়তা নিশ্চিতকরণ।
সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ রুবেলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদস্য সচিব সেলিম উদ্দিন সিআইপি, সদস্য মাহমুদুল হাসান। উপস্থিত ছিলেন মো. নজরুল ইসলাম সিআইপি, মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ মনজুরুল হক সিআইপি, মোহাম্মদ শামসুজ্জামান সিআইপি, মোহাম্মদ শফিকুল ইসলাম রাহী সিআইপি, মোহাম্মদ নাজিম উদ্দিন সিআইপি, কেরামত উল্লাহ বিপ্লব, মোহাম্মদ এনামুল হক, শিবলী আল সাদিক।










