গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।
সিআইআইয়ের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জির নেতৃত্বে প্রতিনিধি দলে ভারতের বিভিন্ন শীর্ষস্থানীয় কোম্পানি ও প্রতিষ্ঠানের ব্যবসায়ী নেতারা রয়েছেন। এর মধ্যে রয়েছে ভারত বায়োটেক, ইনফ্রাভিশন ফাউন্ডেশন, গোদরেজ ইন্ডাস্ট্রিজ, অরবিন্দ লিমিটেড, এলএমডব্লিউ গ্লোবাল, মাহিন্দ্রা গ্রুপ, লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি), ফোর্বস মার্শাল, নুমালিগড় রিফাইনারি লিমিটেড, অ্যাপোলো হসপিটালস ও ইন্ডিয়ান অয়েল করপোরেশন। সিআইআই সচিবালয়ের কর্মকর্তারাও প্রতিনিধি দলে রয়েছেন।
সফরকালে প্রতিনিধি দলটি বাংলাদেশ সরকারের জ্যেষ্ঠ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে। এর মধ্যে রয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
এসব বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ জোরদার, ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ বাড়ানো এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধান নিয়ে মতবিনিময় হবে। একই সঙ্গে পারস্পরিক স্বার্থ ও সুবিধাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সহযোগিতার উদীয়মান ক্ষেত্র নিয়েও আলোচনা হবে।
সফরকালে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সঙ্গে একটি মধ্যাহ্নভোজ সভায়ও অংশ নেবে সিআইআই প্রতিনিধি দল। এতে প্রধান অতিথি থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আওয়াল মিন্টু। সভায় বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্প খাতের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন ভারতের ব্যবসায়ী প্রতিনিধিরা।
বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার এবং দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা অনুসন্ধানই এ সফরের মূল লক্ষ্য। একই সঙ্গে দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে আরো ঘনিষ্ঠ যোগাযোগ প্রতিষ্ঠা এবং নতুন অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র তৈরির বিষয়েও গুরুত্ব দেয়া হবে।










