জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী হলফনামা সংক্রান্ত কিছু তথ্যগত বিভ্রান্তির ব্যাখ্যা দিয়েছে দলটি। শুক্রবার (২ জানুয়ারি) দলটির পাঠানো বিবৃতিতে উল্লেখ করা হয়, হলফনামায় দেখানো নাহিদ ইসলামের ৩২ লাখ টাকার মোট সম্পত্তি নিয়ে কিছু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে দায়িত্ব পালনকালে নাহিদ ইসলামের মোট বেতন-ভাতা থেকে আয় হয়েছে ১১ লাখ ৩৬ হাজার ৭৯ টাকা। উপদেষ্টা পদে থেকে প্রতি মাসে গড়ে তিনি ১ লাখ ৬৫ হাজার টাকা আয় করেন। পদত্যাগের পর তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে মাসিক এক লাখ টাকা সম্মানিতে কাজ শুরু করেন।
সে হিসেবে গত অর্থবছরে তিনি উপদেষ্টা পদে থেকে ও পরামর্শক পেশার আয় থেকে মোট ১৬ লাখ টাকা আয় করেন। ২০২৪-২৫ আয়বর্ষে তার আয়ের ওপর মোট ১ লাখ ১৩ হাজার ২৭৪ টাকা আয়কর পরিশোধ করেন। এসব তথ্য তার আয়কর রিটার্নে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। তারই পরিপ্রেক্ষিতে হলফনাফায় নাহিদ ইসলামের বাৎসরিক আয়ের পরিমাণ ১৬ লাখ টাকা উল্লেখ করা হয়।
হলফনামায় নাহিদ ইসলামের বর্তমান সম্পত্তির পরিমাণ উল্লেখ করা ৩২ লাখ ১৬ হাজার ১২২ টাকা। যা তার উপদেষ্টা ও পরামর্শক পদে থেকে আয়, হাতে থাকা নগদ অর্থ, এর আগে করা সেভিংস, বিভিন্ন অনুষ্ঠান এবং বিয়েতে আত্মীয় স্বজন থেকে প্রাপ্ত আর্থিক এবং স্বর্ণলংকারের উপহারের বর্তমান বাজার মূল্যের সমষ্টি।
বিবৃতিতে আরো বলা হয়, আয়কর রিটার্ন কিংবা নির্বাচনী হলফনামার কোথাও নাহিদ ইসলামের পেশা 'শিক্ষকতা' দেখানো হয়নি। এটা স্পষ্টতই একটি অপতথ্য। হলফনামার ৪ নম্বর কলামে তার বর্তমান পেশা 'পরামর্শক' এবং আগের পেশা হিসেবে বাংলাদেশ সরকারের উপদেষ্টা পদের কথা উল্লেখ করা আছে। এ ছাড়া তিনি গত বছরের ফেব্রুয়ারি মাসে পদত্যাগ করার সময় তার সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে ১০ হাজার ৬৯৮ টাকা জমা ছিল বলে ফেসবুক পোস্টে জানিয়েছিলেন।
হলফনামার তথ্য অনুযায়ী, একই অ্যাকাউন্টে তার বর্তমান জমার পরিমাণ ৩ লাখ ৮৫ হাজার ৩৬৩ টাকা ৫৭ পয়সা। সোনালী ব্যাংকের একটি এবং নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য গত ২৮ ডিসেম্বর সিটি ব্যাংকে খোলা আরেক অ্যাকাউন্ট ছাড়া বর্তমানে নাহিদ ইসলামের আর কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই।










