ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থানেই আছে বাংলাদেশ। বিসিবির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পর আজ যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নেই। আরেক আয়োজক দেশ শ্রীলংকা, সেখানে খেলতে চাই। বাংলাদেশের সম্মান আর মর্যাদার প্রশ্নে আমরা আপস করব না। দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না।’
এর আগে বিসিবি ভারতে খেলোয়াড় এবং বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ থেকে যাওয়া অন্যদের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে আইসিসিকে চিঠি দিয়েছিল। চিঠিতে ভারতে বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোনো দেশে আয়োজনের অনুরোধ করা হয়।
বিসিবির ই-মেইলের জবাবে আইসিসি গতকাল পাল্টা ই-মেইল দিয়ে বিসিবিকে জানিয়েছে, ভারতের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ যে শঙ্কা প্রকাশ করছে, সে রকম কোনো শঙ্কার কারণ নেই। আইসিসির পক্ষ থেকে ভারতে বাংলাদেশ দলকে নিরাপত্তা দিতে সব রকম ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয়েছে ই-মেইলে।
বলা হয়েছে, বিশ্বকাপের পুরো নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত হলে নিয়ম অনুযায়ী আইসিসি অন্য বোর্ডগুলোর পাশাপাশি বিসিবিকেও তা পাঠাবে। তখন যদি বিসিবির কোনো পর্যবেক্ষণ বা মতামত থাকে, সেটা তারা জানাতে পারবে এবং আইসিসি সেই অনুযায়ী ব্যবস্থা নেবে।
আইসিসির বক্তব্যের প্রতিক্রিয়ায় ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আজকে আমরা আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি, সেই চিঠি পড়ে আমাদের কাছে মনে হয়েছে, ভারতে যে প্রচণ্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য, সেটা তারা রিয়ালাইজ করতে সক্ষম হয়নি। আমার কাছে মনে হয়েছে—এটা শুধু নিরাপত্তা ইস্যু না, এটা জাতীয় অবমাননা ইস্যু। যা-ই হোক আমরা নিরাপত্তা ইস্যুটাকেই মুখ্য করে দেখছি।’
অধ্যাপক আসিফ নজরুল আরো বলেন, ‘আমাদের প্রথম অবস্থান হচ্ছে আইসিসিকে বোঝানো। আমাদের যথেষ্ট শক্ত যুক্তি আছে। সেই যথেষ্ট শক্ত যুক্তি দিয়ে আমরা আইসিসিকে বোঝাব।’
ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম এবং দুই সহসভাপতি ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীনসহ আরো বেশ কয়েকজন পরিচালক উপস্থিত ছিলেন।










