নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। কিন্তু খুনিরা তার আদর্শ হত্যা করতে পারেনি। তারা বঙ্গবন্ধুর নাম নিষিদ্ধ করেছিল, দেশের মানুষের কাছ থেকে তার নাম মুছে ফেলার চেষ্টা করেছিল। তারা তার আদর্শ বিলীন করে দেয়ার সব ষড়যন্ত্র করেছিল, কিন্তু পারেনি।

গতকাল বিকালে হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বাংলাহিলি পাইলট উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশকে দরিদ্র দেশ থেকে স্বল্পোন্নত দেশে রূপান্তরিত করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেখান থেকে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত করেছি। করোনা মহামারীর মধ্যেও বাংলাদেশের ১৬ কোটি মানুষের অহঙ্কারের স্থাপনা স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রতিমন্ত্রী বলেন, দিনাজপুরের মধ্যে অন্যতম বাণিজ্যিক হাব হিলি স্থলবন্দর এখানে যেন আমদানি-রফতানিকারক ব্যবসায়ীরা সুবিধা লাভ করতে পারে সে ব্যবস্থা নেয়া হবে। এখানে কেন ব্যবসায়ীরা হয়রানির শিকার হন কী কী সুবিধা দিতে পারলে বন্দরটি ব্যবসা-বাণিজ্যবান্ধব হবে, আমদানি-রফতানি বাড়বে, সেটি দেখার জন্য বলেছি।

হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদের সভাপতিত্বে শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, পৌর মেয়র জামিল হোসেন, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজাসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা।