শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, ক্ষুদ্র কুটির শিল্প দেশের অর্থনীতিকে রক্ষা করেছে। তাই কুটির শিল্পকে ধরে রাখতে উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করছে সরকার। এ শিল্পকে বঙ্গবন্ধু ১৯৫৭ সালে নেতৃত্ব দিয়েছেন। এখনো উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতায় আমরা প্রস্তুত।


শুক্রবার (২৬ জানুয়ারি) ভোলার বিসিক শিল্প নগরীতে গ্যাস সংযোগ লাইনের ভিত্তিপ্রস্তর উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ভোলা একটি সম্ভাবনাময় জেলা। এখানে পর্যাপ্ত গ্যাসের মজুদ আছে, তাই সরকারের পক্ষ থেকেই এ অঞ্চলে সার কারখানা স্থাপনের জন্য এরই মধ্যে  সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী পদ্মা সেতুকে কেন্দ্র করে দেশের দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে ব্যাপক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।


ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে বিসিক শিল্প নগরী চত্বরে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান, বিসিক উদ্যোক্তা সমিতির সভাপতি মো. জুয়েলসহ আরো অনেকে।


উল্লেখ্য, ১৯৯৩ সালে ভোলা শহরের চরনেয়াবাদ চৌমুহনী সংলগ্ন এলাকায় ১৪ একর জমির ওপর বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) স্থাপিত হয়। ২০০০ সালের দিকে ৮৯টি প্লটে ৫০টি কারখানা নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বিসিক শিল্পনগরি। 'সি' ক্যাটাগরির এই বিসিকে গ্যাস সংযোগ দেয়ার ঘোষণার  পর থেকেই  উদ্যোক্তারা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেন। অবশেষে বাস্তবায়ন হলো সেই স্বপ্ন।