গত বছরের মে মাসে রাজধানীর ছয় এলাকায় ‘এক ঠিকানায় সকল নাগরিক সেবা’ দেয়ার উদ্যোগ শুরু করে সরকার। হয়রানি ও দালালমুক্ত সেবা নিশ্চিত করাই ছিল এর মূল উদ্দেশ্য। কেন্দ্রগুলো পরিচালনার জন্য একদল উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেয়া হয়। পরবর্তী সময়ে তাদের রাজধানীর ছয়টি নাগরিক সেবা কেন্দ্রে বসার অনুমতি দেয়া হয়। বর্তমানে ছয়টি কেন্দ্রে ১২ জন উদ্যোক্তা কাজ করছেন। বেশ ঘটা করে উদ্বোধনের সাড়ে সাত মাস পরও কেন্দ্রগুলোয় ইন্টারনেট সংযোগই নিশ্চিত করতে পারেনি সরকার।

সেবা কেন্দ্রের উদ্যোক্তারা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছিল ৪৫০টির বেশি সেবা দেয়া হবে নাগরিক সেবা কেন্দ্র থেকে। বাস্তবে গত সাড়ে সাত মাসে চার থেকে পাঁচটি সেবার ফরম পূরণ ছাড়া আর কোনো সেবাই তারা দিতে পারেননি। ইন্টারনেট না থাকায় তারা নিজেদের মোবাইল ডাটা শেয়ার করে কাজ চালাচ্ছেন।

জানা যায়, গত বছরের ২৭ মে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে এবং সরকারের আইসিটি বিভাগের তত্ত্বাবধানে সরকারি বিভিন্ন সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে ‘এক ঠিকানায় সকল নাগরিক সেবা’ স্লোগানে এ উদ্যোগের যাত্রা শুরু হয়। সেদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ কার্যক্রমের পাইলট প্রকল্প উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

পাইলট প্রকল্পের আওতায় রাজধানীর গুলশান, উত্তরা, নীলক্ষেত, গুলিস্তান, মোহাম্মদপুর ও বনশ্রী এলাকায় নাগরিক সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। শুরুর দিকে গুলশান ও উত্তরা কেন্দ্রের কার্যক্রম শুরু হয়। ক্রমান্বয়ে চালু হয় অন্যগুলো। সংশ্লিষ্টরা বলছেন, নাগরিক ভোগান্তি কমানোর এ উদ্যোগ প্রথম থেকেই মুখ থুবড়ে পড়েছে।

নাগরিক সেবা কেন্দ্রগুলোর উদ্দেশ্য সম্পর্কে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেছিলেন, ‘দালাল চক্রের দৌরাত্ম্য কমাতে, নানাবিধ হয়রানি রোধে ও ভোগান্তিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করতে এ উদ্যোগটি যুগান্তকারী ভূমিকা পালন করবে। সেবা প্রদানের ক্ষেত্রে মন্ত্রণালয়গুলোর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি করা আমাদের লক্ষ্য। আমাদের চেষ্টা হচ্ছে প্রতিটি মন্ত্রণালয় থেকে যতগুলে সেবা এর আওতায় আনা যায়, সবগুলোকে দ্রুত নিয়ে আসা। এমন ব্যবস্থা আমাদেরকে অবশ্যই দাঁড় করাতে হবে যাতে জন্মগ্রহণ করা মাত্রই শিশুরা জন্মনিবন্ধন সনদ পেয়ে যায়। এটাই যেন হয় তার নাগরিক স্বীকৃতি।’

জানা গেছে, নাগরিক সেবা কেন্দ্রগুলো চালু করার আগে বাছাই করা উদ্যোক্তাদের চারদিনের একটি ট্রেনিং দেয়া হয়েছিল। ট্রেনিং শেষে তাদের সনদ দেয়া হয়। এছাড়া বলা হয়, সরকারের পক্ষ থেকে নাগরিক সেবা নিশ্চিতের জন্য সব ধরনের সহযোগিতা করা হবে। কেন্দ্রগুলো থেকে ৪৫০টির বেশি সেবা নিশ্চিত করা হবে। নাগরিকরা এখনে এসে তাদের ডকুমেন্ট জমা দেবেন। আবার নির্দিষ্ট সময় পর এ সেবা কেন্দ্র থেকেই তাদের চাহিদামতো সেবা বুঝে নেবেন।

এ উদ্যোগ চালুর আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছিলেন, ন্যাশনাল ইন্টার-অপারেবিলিটি ফ্রেমওয়ার্ক এবং ডাটা গভর্ন্যান্স কাঠামো গঠন ও কার্যকরের পাশাপাশি ডিজিটাল ট্রান্সফরমেশনে গতি বাড়াবে এ উদ্যোগ। তথ্য লেনদেনের মান, উপযোগিতা, গোপনীয়তা এবং সাইবার সিকিউরিটি দেখভাল করবে প্রস্তাবিত ডাটা গভর্ন্যান্স অ্যান্ড ইন্টার-অপারেবিলিটি অথরিটি।

কথা ছিল ‘নাগরিক সেবা’ কেন্দ্রে আবেদনের পর নাগরিকের আবেদনের জন্য ‘প্রিন্টেড পেপার’ নিয়ে কোনো সরকারি বা আধা-সরকারি অফিসে যেতে হবে না। বরং সেবা কেন্দ্রের সাইট থেকে অনলাইনে জমা দেয়া অবেদন সরাসরি ট্র্যাকিং নম্বরসহ সংশ্লিষ্ট অফিসে পৌঁছে দেয়া হবে। এর পেছনে কাজ করবে একটি শক্তিশালী ও নিরাপদ সার্ভিস বাস। ন্যাশনাল সার্ভিস বাস মন্ত্রণালয়গুলোর মধ্যে ইন্টার-অপারেবিলিটি নিশ্চিত করবে।

তবে বাস্তবতা এখন ভিন্ন। উত্তরা, গুলিস্তান ও নীলক্ষেতের উদ্যোক্তারা বলেন, ‘খুব আশা নিয়ে আমরা প্রশিক্ষণ নিয়েছি। উদ্যোক্তা হয়েছি। কিন্তু গত সাড়ে সাত মাসে আমরা চরম হতাশার মধ্যে আছি। কথা ছিল, আমরা হয়রানিমুক্ত সেবা প্রোভাইড করব। বিনিময়ে সেবাপ্রার্থীদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্য নেব। কিন্তু এখন আমরা শুধু অনলাইনে জন্মনিবন্ধন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি সেবার ফরম পূরণ করে দিচ্ছি। যেটা মানুষ নিজে নিজেই করতে পারে কিংবা দোকান থেকে করে থাকে। এর জন্য এত ঘটা করে কোনো প্রকল্পের বা ঘোষণার প্রয়োজন ছিল না। এখন আমরা শুধু দোকানের ভূমিকা পালন করছি। সেবাপ্রার্থীরা আসেন, আমরা ফরম পূরণ করে দিয়ে দিই। তারা সেই দালাল ধরে, বেশি টাকা দিয়েই সেবা নেন। সরকারের একটি ভালো উদ্যোগ শুরুতেই মুখ থুবড়ে পড়েছে।’

নাগরিক সেবা কেন্দ্রের পরিচালনা ও মালিকানা সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেছিলেন, উদ্যোক্তারা জায়গার মালিকদের সঙ্গে চুক্তি করে ভাড়া পরিশোধ করবেন। প্রাথমিক পর্যায়ে হ্রাসকৃত হারে ভাড়া নির্ধারিত হবে। উদ্যোক্তারা নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ ও ইউটিলিটির দায়িত্ব নেবেন। সেবার মান বজায় না রাখলে লাইসেন্স বাতিল হতে পারে।

সরজমিনে রাজধানীর গুলিস্তানের নাগরিক সেবা কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেবাপ্রার্থীদের তেমন একটা ভিড় নেই। অন্য সেবা কেন্দ্রগুলোর উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, যেখানে দোকানে বসে ফরম পূরণ করলে দৈনিক ৫ থেকে ৬ হাজার টাকা আয় হতো। সেখানে সেবা কেন্দ্রের উদ্যোক্তা হয়ে দৈনিক ১০০ টাকাও আয় হচ্ছে না তাদের। গত আট মাস ধরেই এমন চিত্র।

জানা গেছে, সরকারের সঙ্গে উদ্যোক্তাদের কোনো চুক্তি না হওয়ার কারণে তারা ইন্টারনেট সংযোগ নিতে পারছেন না। যে কারণে সবাই ব্যক্তিগত মোবাইল ডাটা শেয়ার করে আপৎকালীন সেবা দিয়ে যাচ্ছেন। এছাড়া সরকারের অন্যান্য পোর্টালের সঙ্গেও নাগরিক সেবাকে যুক্ত করা সম্ভব হয়নি। যে কারণে এখানে আসা সেবাপ্রার্থীদের ফরম ফিলআপ করেই ফিরে যেতে হয়।

উদ্যোক্তারা জানিয়েছেন, সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের চুক্তি, ইন্টারনেট সংযোগ দেয়া, পোর্টালে যুক্ত করার বিষয়ে বারবার বলে আসার পরও তারা কোনো উদ্যোগ নিচ্ছে না।

সার্বিক বিষয়ে জানতে চাইলে অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রজেক্ট ম্যানেজার আবদুল্লাহ আল ফাহিম বণিক বার্তাকে বলেন, ‘নাগরিক সেবা কেন্দ্রগুলোতে ইন্টারনেট সংযোগ পাওয়ার জন্য চুক্তিপত্র প্রয়োজন। চুক্তিপত্র নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়ে একটি নীতিমালা তৈরির প্রক্রিয়া চলমান রয়েছে। নীতিমালা চূড়ান্ত হলে উদ্যোক্তারা ইন্টারনেট সংযোগ নিতে পারবেন। কয়েক মাস আগে উদ্যোক্তাদের কিছু সমস্যা হয়েছিল। তবে নতুন করে আবার সমস্যা হওয়ার বিষয়ে আমার জানা নেই।’