বইবিষয়ক পত্রিকা ‘এবং বই’ আয়োজিত ‘বুক রিভিউ প্রতিযোগিতা–২০২৬’-এর দ্বিতীয় আসর শুরু হয়েছে। এবারের প্রতিযোগিতায় দুটি বই নির্ধারণ করা হয়েছে। লেখক ও বিজ্ঞানী আশরাফ আহমেদ রচিত ‘বাংলা সাহিত্যের প্রথম কল্পবিজ্ঞান লেখক বেগম রোকেয়া’ (প্রবন্ধ) এবং ‘আলো ছায়ার খেলা’ (উপন্যাস)। বই দুটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী।
এইচএসসি পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থী থেকে শুরু করে বাংলাদেশের যেকোনো বয়সের নাগরিক এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় রিভিউ পাঠানোর শেষ সময় ২৫ সেপ্টেম্বর ২০২৬।
আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতায় মোট ১০ জনকে পুরস্কৃত করা হবে। প্রতিটি বইয়ের জন্য আলাদাভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেয়া হবে। প্রথম পুরস্কার হিসেবে দুজন পাবেন ১০ হাজার টাকা করে, দ্বিতীয় পুরস্কার দুজন পাবেন ৫ হাজার টাকা করে এবং তৃতীয় পুরস্কার দুজন পাবেন ৩ হাজার টাকা করে। এছাড়া পরবর্তী নির্বাচিত চারজন সেরা গ্রন্থ সমালোচক পাবেন ২ হাজার টাকা করে।
নগদ অর্থমূল্যের পাশাপাশি সেরা ১০ জন গ্রন্থ সমালোচককে ১ হাজার টাকা সমমূল্যের বই দেয়া হবে। প্রতিটি বই থেকে পাঁচজন করে মোট ১০ জনকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হবে।
যেভাবে অংশ নেয়া যাবে
প্রতিযোগিতায় অংশ নিতে নির্ধারিত দুটি বইয়ের যেকোনো একটি নিয়ে বাংলায় রিভিউ লিখতে হবে। রিভিউয়ের শব্দসংখ্যা হতে হবে ১ হাজার ২০০ থেকে ২ হাজারের মধ্যে। আলোচ্য বই থেকে উদ্ধৃতি ব্যবহারের ক্ষেত্রে যুক্তিসংগত ও সংযমী হওয়ার নির্দেশনা দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
রিভিউয়ের নিচে লেখকের পূর্ণ নাম, ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অন্য কোথাও প্রকাশিত লেখা এ প্রতিযোগিতার জন্য গ্রহণযোগ্য হবে না। পাশাপাশি লেখায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে নিরুৎসাহিত করেছে আয়োজকরা।
রিভিউ সুতন্বী এমজে (SutonnyMJ) ফন্টে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে পাঠাতে হবে। লেখা পাঠানোর ই-মেইল ebongboi@gmail.com।
প্রাপ্ত রিভিউ জুরি বোর্ডের মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচিত করা হবে। পরে ঢাকায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। আয়োজন-সংক্রান্ত যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গন্য করা হবে। - বিজ্ঞপ্তি










