চুয়াডাঙ্গার বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী উপজেলায় দামুড়হুদায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। এ কারণে উপজেলায় ১৪ দিনের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে লকডাউন শুরু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে কেবল সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলাতেই ২৫ জন কভিড আক্রান্ত হয়।
সীমান্তবর্তী এই উপজেলায় হঠাৎ করে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। সংক্রমণ ঠেকাতে মঙ্গলবার সকাল ৬টা থেকে আগামী ২৮ জুন মধ্য রাত পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, লকডাউনে কেবল ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান ব্যাতীত সব কিছুই বন্ধ রয়েছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল ও ডিজিজ কন্ট্রোল অফিসার ডা. আওলিয়ার রহমান জানান, জেলায় ১০৬ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জন রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৭ দশমিক ১৬ শতাংশ, যা জেলার জন্য একটি রেড সিগনাল।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা রহমান বলেন, লকডাউন সফল করার জন্য উপজেলা প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আমরা মাঠে কাজ করে যাচ্ছে। কোন মানুষ যেন নিরান্ন না হয় সেজন্য আমাদের খাদ্য সহায়তা কার্যক্রম চালু থাকবে।









