আগামী শুক্রবার শুরু হচ্ছে দশম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আসর। ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক এ আসরে এবার সাতটি দল অংশ নেবে। ২০ ওভারের এই ক্রিকেট লিগে টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা, সর্বোচ্চ আড়াই হাজার। গতকাল সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্র্যান্ডস্ট্যান্ড আড়াই হাজার টাকা, ভিআইপি স্ট্যান্ড ১ হাজার ৫০০, ক্লাব হাউজ ৮০০, নর্থ ও সাউথ স্ট্যান্ড ৪০০ এবং ইস্টার্ন গ্যালারি ২০০ টাকা। টিকিট পাওয়া যাবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ১ নম্বর গেটসংলগ্ন টিকিট বিক্রয় কেন্দ্রে। আজ সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মিলবে টিকিট। এছাড়া ম্যাচের আগের দিনও ম্যাচের টিকিট কেনা যাবে।