চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দায়িত্বরত এক পুলিশ সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের দেয়া দণ্ডাদেশ বাতিল করেছেন আদালত। একই সঙ্গে জরিমানা হিসেবে আদায় করা অর্থ ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আজ সোমবার (২০ এপ্রিল) চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ফৌজদারি আপিল আদালত এ আদেশ দেন। আদালত বলেন, দণ্ডাদেশ দেয়ার ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।

আদালতের আদেশে উল্লেখ করা হয়, অভিযুক্ত পুলিশ সদস্যের বক্তব্য লিপিবদ্ধ করা হলেও সংশ্লিষ্ট নথিপত্রে তার স্বাক্ষর বা টিপসই নেয়া হয়নি। এ কারণে আদালত মনে করেন, পুলিশ সদস্য তৌহিদুল ইসলামের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মো. ছফিউল্লাহ যে দণ্ডাদেশ দিয়েছিলেন, তা নিয়ম মেনে দেয়া হয়নি।

আদালত আরো বলেন, মোবাইল কোর্টের দেয়া আদেশ বাতিল করে তৌহিদুল ইসলামকে অব্যাহতি দেয়া হলো। জরিমানার টাকা ফেরত পেতে তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে।

পুলিশ সূত্র জানায়, গত ২৯ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভায় সিদ্ধান্ত হয়েছিল, আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও সাংবাদিকসহ জরুরি সেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ফিলিং স্টেশনে বিকল্প লাইনে জ্বালানি নিতে পারবেন। সে সিদ্ধান্ত অনুযায়ী এতদিন কার্যক্রম চলছিল। তবে সাম্প্রতিক এ ঘটনায় সে সিদ্ধান্ত মানা হয়নি বলে মনে করছে পুলিশ।

এর আগে, গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আলমডাঙ্গা থানায় কর্মরত ওই পুলিশ সদস্য ইউনিফর্ম ও হেলমেট পরে মোটরসাইকেলে একটি ফিলিং স্টেশনে জ্বালানি নিতে যান। এ সময় সেখানে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫০০ টাকা জরিমানা করেন।