পঞ্চগড়ে সীমান্ত থেকে ওমর ফারুক (২৪) নামে জেলা পুলিশের এক সদস্যকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত রোববার রাত সাড়ে ৮টায় জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া সীমান্ত থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। ওই পুলিশ কনস্টেবল পঞ্চগড় আদালতে বিচারকদের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে। তার বাড়ি দিনাজপুর জেলায়।

স্থানীয়রা জানায়, রোববার রাত সাড়ে ৮টায় পুলিশ কনস্টেবল ওমর ফারুকসহ তিনজন পঞ্চগড় সদর উপজেলার মোমিনপাড়া সীমান্ত এলাকায় যান। এ সময় কয়েকজন ভারতীয় নাগরিকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা ওমর ফারুককে আটক করে মারধর করে। পরে পার্শ্ববর্তী ভারতীয় চানাকিয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা এসে তাকে আটক করে নিয়ে যায়। এ বিষয়ে ৫৬ বিজিবির অধিনায়কের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

পঞ্চগড় সদর থানার ওসি আবু আক্কাছ আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই পুলিশ সদস্য আদালতে বিচারকদের নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন। তার ব্যবহূত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।