আমার ভ্যাট আমি দেব, কেনার সময় চালান নেব এ স্লোগান সামনে নিয়ে যশোরে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালিত হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) বেলা ১২টায়  কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের কার্যালয়ে ভ্যাট সম্পর্কে জনগণকে আরো সচেতন এবং উদ্বুদ্ধ করার লক্ষ্যে সেমিনার ও সর্বোচ্চ ২৬ ভ্যাটদাতাদের সম্মাননা দেয়া হয়েছে। 

এতে প্রধান অতিথি ছিলেন বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মো. আবদুল হাকিম। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের কমিশনার মো: কামরুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ভ্যাট কমিশনারেট যশোরের অতিরিক্ত কমিশনার মো. সেলিম শেখ, ও ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি খবির উদ্দিন আহমেদ।

সেমিনারে বক্তারা বলেন, রাষ্ট্রপরিচালনাসহ রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে রাজস্ব একটি অপরিহার্য উপাদান। রাষ্ট্রের নানাবিধ ব্যয় নির্বাহ এবং উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নের জন্য যে অর্থের প্রয়োজন তার সিংহভাগই আসে অভ্যন্তরীণ রাজস্ব থেকে। আর এই রাজস্বের অন্যতম উৎস হচ্ছে ভ্যাট। একটি উন্নত দেশ গড়তে অক্সিজেন হিসাবে কাজ করে ভ্যাট। ভ্যাট দেয়া এখন অনেক সহজ হয়েছে। তবে আগে আইন কঠিন ছিল। প্রয়োজনে আইন আরো সহজ করা হবে। তাই সবাইকে বলব, নির্ভয়ে ভ্যাট দিন। 

বক্তারা  বলেন, আমাদের দেশে ভ্যাট ১৫ শতাংশ। কিন্তু অন্যান্য দেশে ১২ শতাংশ। এটা সরকারকে ভাবতে হবে। কেননা ভ্যাট ভোক্তারা দিয়ে থাকেন। পণ্যের সাথে ভ্যাট যুক্ত করলে সেই পণ্যে দাম বেড়ে যায়। ফলে ক্রেতারা সেটি গ্রহণ করেনা। 

অনুষ্ঠানে জনগণকে ভ্যাট দিতে উৎসাহিত করতে উৎপাদন, সেবা ও ব্যবসায়ীসহ তিনটি খাতে ২০২২-২৩ বছরে ২৬টি প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতার সম্মাননা দেয়া হয়েছে। সেরা করদাতা প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট দেয়া হয়। 

সম্মাননা প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো, কুষ্টিয়ার মডার্ন প্লাইউড এন্ড উড প্রোসেসিং কোম্পানি লিমিটেড, কুষ্টিয়া জয়দেব পাল এন্ড সন্স, কুষ্টিয়ার দিশা হোটেল এন্ড রেস্তোরা, গোপালগঞ্জ জেকে পলিমার ইন্ডাস্ট্রিজ, গোপালগঞ্জ সৈয়দ আলী চানমারি, শরিফ ফার্নিচার, চুয়াডাঙ্গার মেসার্স বঙ্গ পিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজ, মেসার্স শহিদুল হক মোল্লা, চুয়াডাঙ্গা হোটেল ষাহিদ প্যালেস, জোহান ড্রিম ভ্যালী পার্ক, ঝিনাইদহ এরআর ট্রেডার্স, নড়াইলের মেসার্স কাস ট্রেড মার্কস, নিরিবিলি পিকনিক স্পট, ফরিদপুর শেফ ফুড ইন্ডাস্ট্রিজ, নকশি কাঁথা, সেরিন গার্ডেন, মাগুরার আরকে ডোর লিমিটেড, মেসার্স মুসলিমা এন্টার প্রাইজ, সুগন্ধা সুইট, মেহেরপুরের আল কাঈফ মটরস, যশোরের আকিজ বিড়ি ফ্যাক্টরি, ঝিকরগাছার আজিজুর রহমান, হোটেল জাবীর প্যারাডাইস লিমিটেড।