আয়তনের দিক থেকে দেশের সবচেয়ে বড় জেলা
হলেও রাঙ্গামাটিতে নির্বাচনী আসন একটি। এ ২৯৯ নম্বর আসনে গতবারের চেয়ে দ্বাদশ জাতীয়
সংসদ নির্বাচনে ভোটার বেড়েছে ৬১ হাজার ১০০ জন। ভোটকেন্দ্র বেড়েছে আরো ১০টি।
জেলা নির্বাচন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী,
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটির ১০ উপজেলার দুই পৌরসভাসহ মোট ভোটার সংখ্যা
চার লাখ ৭৯ হাজার ৩১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৫০ হাজার ৯৪৪ ও নারী ভোটার
দুই লাখ ২৮ হাজার ৩৭৩ জন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটির
দশ উপজেলায় ভোটার ছিল ৪ লাখ ১৮ হাজার ২১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ২০ হাজার
৩৫৪ এবং নারী ভোটার এক লাখ ৯৭ হাজার ৮৬৩ জন। এ হিসাবে ভোটার বেড়েছে ৬১ হাজার ১০০ জন।
পুরুষ ভোটার বেড়েছে ৩০ হাজার ৫৯০ ও নারী ভোটার বেড়েছে ৩০ হাজার ৫১০ জন।
একাদশ জাতীয় নির্বাচনে ২০৩টি ভোটকেন্দ্র
থাকলেও এবার ভোটকেন্দ্র সংখ্যা ২১৩টি; এই নির্বাচনে ভোটকেন্দ্র বেড়েছে ১০টি।
নির্বাচন অফিস সূত্র আরো জানিয়েছে,
রাঙ্গামাটির ২১৩টি ভোটকেন্দ্রের মধ্যে দুর্গম এলাকার ১৮টি কেন্দ্র ‘হেলিসর্টি’ অর্থাৎ
এই ১৮টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও নির্বাচনকর্মীদের যেতে হবে হেলিকপ্টারের মাধ্যমে।
১৮টি হেলিসর্টি ভোটকেন্দ্রের আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা বাঘাইছড়িতে পাঁচটি, বরকল
উপজেলায় দুটি, জুরাছড়ি উপজেলায় আটটি ও বিলাইছড়ি উপজেলায় তিনটি। ২১৩টি কেন্দ্রে ভোটকক্ষ
থাকবে এক হাজার ১২১টি।
রাঙ্গামাটির সিনিয়র জেলা নির্বাচন অফিসার
মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসনে মোট ভোটার
সংখ্যা চার লাখ ৭৯ হাজার ৩১৭ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটিতে ২০৩টি ভোটকেন্দ্র
থাকলেও এবার ২১৩টি; ১০টি ভোটকেন্দ্র রয়েছে।’
তিনি বলেন, ‘যেহেতু নির্বাচনের তফসিল
ঘোষণা হয়ে গেছে, আপাতত ভোটার সংখ্যা বাড়ার সম্ভাবনা নেই।’









