একবার ভাড়া নির্ধারণের দুই বছরের মধ্যে কোনো বাসায় ভাড়া আর না বাড়ানোর নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পাশাপাশি ভাড়াটিয়াদের প্রতি মাসের ভাড়া ১০ তারিখের মধ্যে পরিশোধ করার বাধ্যবাধকতাও আরোপ করা হয়েছে।
গতকাল গুলশানে নগর ভবনে ঢাকার বাড়ি ভাড়াসংক্রান্ত নির্দেশিকা প্রকাশবিষয়ক সংবাদ সম্মেলনে এ নির্দেশনা দেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
তিনি নির্দেশনা তুলে ধরে বলেন, ‘জানুয়ারি এলেই বাড়ি ভাড়া বাড়ানোর একটি অলিখিত রীতি তৈরি হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। বাড়ি ভাড়া বাড়ানোর যৌক্তিক সময় হলো অর্থবছরের শুরুতে জুন-জুলাইয়ে। কারণ বাড়ি ভাড়ার ওপর ভিত্তি করেই সিটি করপোরেশনকে কর দেয়া হয়। তাই কর বাড়ানোর হারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভাড়া নির্ধারণ হওয়া উচিত।’










